দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) একটি আধুনিক আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এ লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে আধা-সরকারি পত্র পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি।
২০২৬ সালের ১৮ অক্টোবর পাঠানো ওই চিঠিতে এ্যানি উল্লেখ করেন, লক্ষ্মীপুরসহ নোয়াখালী, ফেনী, চাঁদপুর ও আশপাশের উপকূলীয় এলাকার আনসার-ভিডিপি সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং দুর্যোগকালীন দায়িত্ব পালনের সক্ষমতা বাড়াতে একটি আধুনিক ও স্থায়ী আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন জরুরি।
চিঠিতে বলা হয়, লক্ষ্মীপুর একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় জেলা। এখানকার বিস্তীর্ণ জনগোষ্ঠী নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে বসবাস করে। এসব দুর্যোগ মোকাবিলা, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এ্যানি চিঠিতে আরও উল্লেখ করেন, বর্তমানে এ অঞ্চলের সদস্যদের প্রশিক্ষণ নিতে দূরবর্তী স্থানে যেতে হয়। এতে সময় ও ব্যয় বাড়ার পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় নানা সীমাবদ্ধতা তৈরি হয়। লক্ষ্মীপুরে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হলে এসব সমস্যা অনেকাংশে কমবে এবং বিপুলসংখ্যক সদস্যের প্রশিক্ষণ গ্রহণ সহজ হবে।
প্রস্তাবিত প্রশিক্ষণ কেন্দ্রে দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্ধারকাজ, প্রাথমিক চিকিৎসা, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা, অগ্নিনির্বাপণ ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এর ফলে জাতীয় ও স্থানীয় পর্যায়ে জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়।
চিঠিতে লক্ষ্মীপুর জেলার উপযুক্ত স্থানে আনসার-ভিডিপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সদয় বিবেচনা ও হস্তক্ষেপ কামনা করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
পত্রটির অনুলিপি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের কাছেও পাঠানো হয়েছে।
এমএস/